ঢাকা | বঙ্গাব্দ

দুই মাসের সংসার, তারপর মৃত্যু: বানারীপাড়ায় নববধূকে ঘিরে রহস্যের জট।

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
দুই মাসের সংসার, তারপর মৃত্যু: বানারীপাড়ায় নববধূকে ঘিরে রহস্যের জট

অলিউল্লাহ, বরিশাল প্রতিনিধি:

বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী এলাকায় বিয়ের মাত্র দুই মাসের মাথায় মুনিয়া (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা। তবে নিহতের ননদের দেওয়া ভিন্নধর্মী বক্তব্যে ঘটনাটি নতুন মোড় নিয়েছে।

নিহত মুনিয়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা মেহেদী হাসানের (৩০) স্ত্রী। পারিবারিকভাবে মাত্র দুই মাস আগে তাদের বিয়ে হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্বামীর পরিবারের দাবি অনুযায়ী, ঘটনার দিন সকাল থেকে মুনিয়া স্বাভাবিক আচরণ করছিলেন। দুপুরের দিকে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ঘরের ভেতর মুনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।

তবে ঘটনার পর নিহতের ননদ তামান্নার বক্তব্য স্থানীয়দের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি জানান, বিয়ের কিছুদিন পর এক রাতে মুনিয়া তার সঙ্গে একই কক্ষে ঘুমিয়েছিলেন। ওই রাতে আচমকা ঘুমের মধ্যে মুনিয়া তার গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার পর থেকেই পরিবারের সদস্যদের ধারণা, মুনিয়া হয়তো মানসিক কোনো সমস্যায় ভুগছিলেন।

অন্যদিকে, বিয়ের মাত্র দুই মাসের মাথায় এমন আকস্মিক মৃত্যু এবং পরে পরিবারের পক্ষ থেকে মানসিক সমস্যার প্রসঙ্গ তুলে ধরায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এটি সত্যিই আত্মহত্যা, নাকি এর পেছনে পারিবারিক কলহ, মানসিক চাপ অথবা অন্য কোনো অজানা রহস্য রয়েছে— এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স