মধ্যরাতের বিভীষিকা: বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আ.লীগ নেতা মাওলাদ হোসেন সানাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
বানারীপাড়া প্রতিনিধি | ২০ জুন ২০২৬
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্দার এলাকায় মধ্যরাতে এক বিএনপি নেতার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক উপাদান আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী বাইশারী ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও অটোরিকশা চালক মো. রাসেল (৩৮)। তিনি অভিযোগ করেন, গত ২০ জুন রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নেতৃত্বে ও নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য একের পর এক ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয় বলে জানা গেছে।
মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি মাওলাদ হোসেন সানার পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মনির (৬০), জাহিদ সরদার (৪৫), চাখার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার এক নম্বর আসামি মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। ২০০৯ সালে তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছিল বলে জানা যায়। এছাড়া বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর নির্বাচনী বহরে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায়ও তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পাশাপাশি ঢাকার উত্তরা থানার একটি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও ভাঙচুরের একাধিক মামলার তথ্য স্থানীয়ভাবে আলোচিত রয়েছে।
২০২৫ সালের মে মাসে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নতুন করে আলোচনায় আসে। সর্বশেষ এই অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, প্রাপ্ত এজাহারের ভিত্তিতে বিস্ফোরক ও অগ্নিসংযোগের ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Bangabani24