বিশেষ প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে লালমোহন কোস্ট গার্ড আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বদরপুর ধুমকেতু আবাসন-সংলগ্ন এলাকার সন্দেহভাজন তিনটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Bangabani24