বিশেষ প্রতিনিধি
খাদ্যের সন্ধানে মানুষের বসতি, কৃষিজমি কিংবা খামারের আশপাশে বন্য পাখির আনাগোনা স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই নিরীহ পাখিগুলোকে হত্যা করে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌমুনী বাজারসংলগ্ন জামাল হাওলাদারের একটি মুরগির খামারে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, খামারে প্রবেশ করায় শত শত বন্য পাখিকে হত্যা করে পাশের পানিতে ফেলে দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, মনজু নামে এক যুবক হাতে মৃত পাখিগুলো তুলে ধরে ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘটনাটিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি এবং চরম অমানবিক বলে মন্তব্য করেছেন। স্থানীয়দের ভাষ্য, খাদ্যের সন্ধানে আসা অবলা প্রাণীগুলোকে এভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত জামাল হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Bangabani24