ঢাকা | বঙ্গাব্দ

নেছারাবাদে পর্যটকদের স্বস্তি ফেরাতে আটঘর-কুরিয়ানায় মোবাইল কোর্ট: জরিমানাসহ জব্দ দুই সাউন্ডবক্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
স্টাফ রিপোর্টার: মোঃ মিরাজুল ইসলাম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে পর্যটকদের ভোগান্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, ওইদিন একদল যুবক পর্যটন এলাকায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে দর্শনার্থীদের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ব্যবহৃত দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যটক, নৌযানচালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার জারিকৃত নির্দেশনা ও বিজ্ঞপ্তি মেনে চলার আহ্বান জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানসহ উপজেলার সব পর্যটন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স