ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে বেহাল সড়ক সংস্কারে এগিয়ে এলেন এলাকাবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পৌরসভার খেয়াঘাট থেকে নয়ারাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রায়ই ঘটছিল ছোট-বড় দুর্ঘটনাও।

দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় অবশেষে জনভোগান্তি কমাতে নিজ উদ্যোগে এগিয়ে আসেন স্থানীয়রা। রোববার (২৬ জুলাই) দিনব্যাপী এলাকাবাসীর সহযোগিতায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইটের খোয়া ও বালু ফেলে সংস্কার করা হয়। এতে আপাতত সড়কটিতে চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংস্কারকাজে স্থানীয় কেএম মামুন অর রশীদ, শাহেদ হাওলাদার, বেলায়েত খলিফা, গিয়াস বেপারী, ফারুক হোসেন, সাইদুল বেপারীসহ এলাকার অনেকে অংশ নেন।

কেএম মামুন অর রশীদ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা থাকায় সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেদের উদ্যোগেই সড়কটি সংস্কারের কাজ করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কার করবে—এটাই আমাদের প্রত্যাশা।

স্থানীয় বাসিন্দা শাহেদ হাওলাদার বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। চলাচলে মানুষের অনেক কষ্ট হচ্ছিল। এলাকাবাসী একসঙ্গে উদ্যোগ নেওয়ায় আপাতত দুর্ভোগ কিছুটা কমবে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারি উদ্যোগে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স