অলিউল্লাহ, বানারীপাড়া প্রতিনিধি ::
বরিশালের বানারীপাড়ায় অস্ত্র আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ রাসেল মুন্সীকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল ও র্যাব-১ সিপিএসসি, গাজীপুরের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ সূত্র জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি যৌথ দল। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মোঃ সেরজাহান মুন্সীর ছেলে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় রাসেল মুন্সীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর-০৯, জিআর নং-১৪৮/১২ এবং বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬/১৩।
পরবর্তীতে মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে র্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব।
পরে র্যাব-৮ ও র্যাব-১-এর যৌথ দল অভিযান চালিয়ে কালিয়াকৈর এলাকা থেকে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।
এদিকে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, রাসেল মুন্সী অস্ত্র মামলার বাইরে আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে অভিযোগগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Bangabani24