নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। একই সঙ্গে সংগঠনটির নেতাকর্মী ও তাদের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবে পিরোজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চল সভাপতি রুহুল আমীন মৃধা। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. সুমন তালুকদার। এ সময় বরিশাল বিভাগ হেযবুত তওহীদের সভাপতি মো. শফিকুল আলম উখবাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দেওয়া হয়। ওই সমাবেশে সংগঠনটির ইমাম ও সদস্যদের নিয়ে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্যের পাশাপাশি হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, শুধু নোয়াখালী নয়, দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যসম্বলিত হ্যান্ডবিল তৈরি করে হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, জুমার খুতবা ও ওয়াজের মঞ্চে সংগঠনটির বিরুদ্ধে বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এ অবস্থায় হেযবুত তওহীদের নেতাকর্মী, তাদের পরিবার, বাড়িঘর, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে হামলার আশঙ্কা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংগঠনের নেতারা দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দীর্ঘদিন ধরে সংগঠনটি উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছে। বিভিন্ন সময়ে মামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তারা বলেন, দীর্ঘদিনের কর্মকাণ্ডে তাদের কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি।
সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য ও ফতোয়া প্রদানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদকে ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা বন্ধ, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সংগঠনের সদস্যদের মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষারও দাবি জানান তারা।
সবশেষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রতি উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানান হেযবুত তওহীদের নেতারা।
Bangabani24