বানারীপাড়া প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ ও বরিশালের বানারীপাড়া উপজেলার সীমান্তবর্তী বলদিয়া-বালিহারী ও ইলুহার খালের মোহনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী আন্তঃ বলদিয়া-বালিহারী ও ইলুহার নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে খালের দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক দর্শনার্থী।
বৈঠার ছন্দে পানির বুক চিরে নৌকাগুলো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝিরা দলবদ্ধভাবে বৈঠা চালিয়ে নৌকাকে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নৌকার গতি ও প্রতিযোগীদের প্রাণপণ প্রচেষ্টায় দর্শকদের মধ্যেও সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নৌকা বাইচ দেখতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে খালের দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকে নৌকা ও ট্রলারে করে খালের মাঝেও অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের শিল্পবিষয়ক সম্পাদক মোঃ নূরুল আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ মঞ্জরুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ, প্রেসক্লাবের সদস্য হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, আধুনিকতার প্রভাবে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজন তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের মতে, নদী-খালকেন্দ্রিক বাংলার সংস্কৃতির অন্যতম পরিচায়ক নৌকা বাইচ। এ ধরনের আয়োজন একদিকে যেমন মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে নতুন প্রজন্মকে দেশের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে। নিয়মিতভাবে এমন আয়োজন করা হলে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Bangabani24