অলিউল্লাহ অলি, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে মৌসুমি হালদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মৌসুমি হালদার বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাভিটা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা তপন হালদার ও মা নমিতা হালদার।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট স্কুল বন্ধ থাকায় মৌসুমি তার বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল। তবে তার মা তাকে সেখানে যেতে নিষেধ করেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে বিকেল আনুমানিক চারটার দিকে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে মাত্র ১১ বছর বয়সী এক শিশুর এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়েও এলাকায় আলোচনা চলছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Bangabani24