অলিউল্লাহ, বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের নাজিরপুরে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় নরোত্তম মৃধা (২২) নামে এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের তৈরি মাটি সরাতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নরোত্তম মৃধা হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বরিশালে বিএসসি নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।
নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, মঙ্গলবার সকালে নরোত্তম ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের তৈরি মাটি সরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত নরোত্তমকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
মেধাবী এই নার্সিং শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Bangabani24