অলিউল্লাহ, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের পশ্চিম উমারেরপাড় গ্রামে ৯ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মোসা. রুকাইয়া (৯)। সে পশ্চিম উমারেরপাড় গ্রামের মো. কামরুল ও মোসা. তাসলিমার মেয়ে। রুকাইয়া আব্দুল কাদের চেয়ারম্যান বাড়ি বাগে জান্নাত নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জোহরের নামাজ পড়তে যাওয়ার আগে বাবা মো. কামরুল মেয়েকে বাড়িতে সুস্থ ও হাসিখুশি অবস্থায় দেখে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি হতবাক হয়ে পড়েন।
রুকাইয়ার মামা হাবিবুল্লাহ জানান, দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের রান্নাঘরে রুকাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে দ্রুত নিচে নামিয়ে আনা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়।
মাত্র ৯ বছরের শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হলো—এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে চলছে আলোচনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
Bangabani24