আমিনুল ইসলাম ফাহিম, কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্র তার ছোট বোনের ওপর ইভটিজিং দেখতে পায়। সাথে সাথেই সে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে একদল সন্ত্রাসী শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধর করে।
আহত শিক্ষার্থীর পরিবার জানায়, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তারা থানায় অভিযোগ দিতে ভয় পাচ্ছেন। তবে ঘটনার ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে আহত ছাত্রটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।