জাকির হোসেন রায়হান ,কিশোরগঞ্জ প্রতিনিধি::
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ঘোরাউত্রা ও ধনুসহ বিভিন্ন নদীর পানিবৃদ্ধি কারণে রাস্তা ঘাট তলিয়ে গেছে। রাস্তা ঘাট তলিয়ে যাওয়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।
জানা গেছে, পানিবৃদ্ধির কারণে হাওরের সঙ্গে জেলার ইটনা উপজেলার বলদা ফেরিঘাট, বরিবাড়ী ফেরীঘাট,চমড়া ফেরিঘাট মিঠামইনের শান্তিপুর ফেরিঘাট, বালীখোলা ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। ফেরি বন্ধ হওয়াতে হাওরাঞ্চলে সাধারণ মানুষ ব্যবহার করছে ছোটখাটো ইঞ্জিনচালিত নৌকা।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলে সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি।
এ সময়ে হাওরাঞ্চলের মানুষরা জানান , কয়েকদিন ধরে হাওরের নদীতে পানি বৃদ্ধি হওয়াতে,আজ বাড়ি থেকে এসে আমরা দেখি ফেরিঘাটের রাস্তা তলিয়ে গেছে, যে কারণে ফেরি বন্ধ। আগে সহজেই ফেরি দিয়ে নদী পার হয়ে গাড়ি করে শহরে আসতে পারতাম। ফেরি বন্ধ হয়ে যাওয়ায় নৌকা দিয়ে কষ্ট করে শহরে আসতে হয়েছে।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, পানিবৃদ্ধির কারণে ফেরিঘাটের রাস্তা তলিয়ে গেছে। তাই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিনই হাওরের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নাই।