ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত পিরোজপুরের মিজানুর রহমান দুলাল
প্রকাশের তারিখ: ২৫ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিএনপি নেতা মো. মিজানুর রহমান (দুলাল)। একই নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন খান।
রাজধানীর কাকরাইলস্থ রাজস্ব ভবনে অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ২২ ও ২৩ এপ্রিল নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে নীল প্যানেলের প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেন।
এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।
উল্লেখ্য, ২০১৮ সালের পর এই প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলো।
মিজানুর রহমান দুলালের বিজয়ে তার নিজ জেলা পিরোজপুরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, মিজানুর রহমান দুলাল দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি নানা মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন। এই বিজয় তার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি।
Bangabani24