প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
গোসল করতে নেমে খালে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর দোকানদার খলিলের মরদেহ উদ্ধার

বানারীপাড়া প্রতিনিধি,
বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের মধুরভিটা সংলগ্ন খালে গোসল করতে নেমে খলিল (৫৫) নামে এক স্থানীয় দোকানদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর স্বরূপকাঠি থেকে আসা ডুবুরি দলের অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে খলিল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে খালে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেননি। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি ও উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে জানানো হলে স্বরূপকাঠির ডুবুরি দল এবং বানারীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালের পানির নিচ থেকে খলিলের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মাসুম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, খলিল তার স্ত্রীর সঙ্গে গোসল করতে নেমেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর তিনি স্ট্রোক করলে ডুবে যেতে পারেন। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও মতামতের অপেক্ষা রয়েছে।
উল্লেখ্য, খলিল মধুরভিটা স্কুলসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি দোকান পরিচালনা করে আসছিলেন এবং এলাকায় একজন পরিচিত মুখ হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24