
নিজস্ব প্রতিনিধি:
নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(১৬-৬-২০২৬) ১১.০০ ঘটিকায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে যে, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন গণমানুষের হৃদয়ের মানুষ। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা এবং সর্বস্তরের মানুষ তাঁর শেষ বিদায়ে অংশ নিতে ছুটে আসেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজায় উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আহমদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তি।
উপস্থিত ব্যক্তিরা তাঁদের বক্তব্যে বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন সৎ, সাহসী, মানবিক ও জনদরদী নেতা। রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তি ওয়াহিদের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা ছিল প্রশ্নাতীত। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং মানুষের সুখ-দুঃখকে নিজের বলে মনে করতেন।
ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তাঁর পথচলা শুরু। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে নিজেকে গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা নেছারাবাদের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ওয়াহিদ ভাই ছিলেন সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও সত্যনিষ্ঠ একজন মানুষ। তাঁর আন্তরিক ব্যবহার, মানবিক গুণাবলি এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে প্রিয় করে তুলেছিল। একজন শিক্ষক বলেন, “তিনি ছিলেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।” একজন প্রবীণ নাগরিকের ভাষায়, “ওয়াহিদ ভাই ছিলেন মানুষের নেতা, মানুষের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।” অনেক শিক্ষার্থী ও তরুণ কর্মী তাঁকে তাঁদের অভিভাবক হিসেবে উল্লেখ করেন।
তাঁর মৃত্যুতে স্বরূপকাঠিবাসী হারিয়েছে একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবক, আর সাধারণ মানুষ হারিয়েছে একজন অকৃত্রিম শুভাকাঙ্ক্ষীকে। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
জানাজা শেষে মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানান।
মহান আল্লাহ তাআলা মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।