প্রিন্ট এর তারিখঃ Jul 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
সেতুর নিচে বলগেট, ওপরে ধস এক আঘাতেই বিচ্ছিন্ন বানারীপাড়ার ইলুহার-মলুহারের যোগাযোগ

অলিউল্লাহ,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার ২ নং ইলুহার ইউনিয়নের ইলুহার ও মলুহার গ্রামের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সেতু বালুবাহী একটি বলগেটের ধাক্কায় ভেঙে পড়েছে। এতে দুই গ্রামের হাজারো মানুষের চলাচল ব্যাহত হওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, “এম রাইয়ান” নামের একটি বালুবাহী বলগেট সেতুর নিচ দিয়ে চলাচলের সময় সেতুর কাঠামোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় সেতুর মাঝামাঝি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর বলগেটটি সেতুর নিচে আটকে যায়। খবর পেয়ে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
গুরুত্বপূর্ণ এই সেতুটি মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এবং জনতা বাজারের পূর্ব পাশে অবস্থিত। প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সেতু ব্যবহার করে যাতায়াত করেন। সেতুটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে, ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাকবলিত বালুবাহী বলগেটটির মালিক পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নান্দুহার গ্রামের বাসিন্দা রাজীব। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সেতুর দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে মৌখিকভাবে অবহিত করেছেন। তাদের আশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সেতুটি পুনর্নির্মাণ করা হবে এবং জনদুর্ভোগের অবসান ঘটবে।
এলাকাবাসীর মতে, নদীপথে ভারী বালুবাহী নৌযানের অনিয়ন্ত্রিত চলাচল, নির্ধারিত নিয়ম না মানা এবং পর্যাপ্ত তদারকির অভাবের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24