প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
বানারীপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

অলিউল্লাহ, বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একটি কক্ষের নির্মাণকাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে।
তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে হাসপাতালে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24