প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
বৃক্ষরোপণের পর পরিচর্যা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

অলিউল্লাহ,বরিশাল প্রতিনিধি।।
বৃক্ষরোপণের চেয়ে গাছের পরিচর্যা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।
তিনি বলেন, ‘বৃক্ষরোপণের কাজটি যেমন চ্যালেঞ্জ, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো গাছের পরিচর্যা নিশ্চিত করা। এ কারণে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষরোপণ করা হবে, সেখানকার জনগণকে সম্পৃক্ত করে গাছের পরিচর্যা নিশ্চিত করার বিষয়ে আমরা আলোচনা করছি।’
সোমবার সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, ‘প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি, তাহলে জাতি এই বৃক্ষরোপণের সুফল ভোগ করবে।’
বরিশাল সফরের শুরুতেই পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। পরে অতিথিরা স্বনির্ভর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা বলেন, সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24