গেল সপ্তাহ থেকে বাজারে নতুন তরমুজ আসতে শুরু করেছে। আজ থেকে রমজান শুরু হওয়ায় রাজধানীর সব এলাকা, অলিগলি, দোকানগুলোতে ব্যবসায়ীরা ভরপুর তরমুজ এনেছেন। হাঁকডাক বাড়ছে তরমুজ বেচাকেনায়। প্রতি কেজি তরমুজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানে অন্যান্য বছর যেভাবে তরমুজ বিক্রি হতো, এ বছর সেভাবে এখনও বিক্রি শুরু হয় নি।
রোববার ( ২ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার তরমুজের দামের এমন চিত্র পাওয়া গেছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরমুজ মূলত ডিসেম্বরে চাষ শুরু হয়। এপ্রিল মে মাসে মূলত তরমুজের ভরপুর মৌসুম। বর্তমানে বাজারে যেসব তরমুজ উঠেছে সেগুলো আগাম জাতের তরমুজ। তরমুজগুলো সাইজে অনেকটা ছোট আকারের। বাজারে পটুয়াখালী, বরগুনা , ভোলা, ঝালকাঠি অঞ্চলের তরমুজ পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম খুলনা এলাকার তরমুজ আরও কিছুদিন পরে আসবে। বর্তমানে খুচরা বাজারে তরমুজ ৬০ থেকে ৭০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।