প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2025 ইং
ভারতীয় ৬৬ নাগরিকতে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের সীমান্ত দিয়ে পুশ ইন করছে বিএসএফ
আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্যাঞ্চলের সীমান্ত দিয়ে ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পুশ ইন করছে বর্ডার সিকিউরিটি গার্ড (বিএসএফ)। ভারতে বাস করা মুসলমানদের বাংলাদেশী আখ্যা দিয়ে পুশ ইনের চেষ্টা চলমান।
৭ মে ২০২৫ ,বুধবারর ভোরে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ি উপজেলার রুপসেনপাড়ার পাহাড়ি এলাকা দিয়ে ২৪ জন এবং বিটিলার গহিন অরন্য দিয়ে ৬ জন এবং মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং দিয়ে আরও ৯ জন সহ মোট ৬৬ জনকে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অনুপ্রবেশ করানো এসব ভারতীয় নাগরিকরা প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তারা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারে।
পুশ ইন করা আটক ভারতীয় নাগরিকরা জানান, গুজরাট হতে ২টি বিমান যোগে আনুমানিক ৪৫০ জন কে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাদের পরিকল্পনা মাফিক পর্যায়ক্রমে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করানো হচ্ছে । ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বুধবার ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহীন অরণ্য এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে। এর আগে চোঁখ বেধে প্রায় ১ ঘন্টা পায়ে হাটিয়ে বাংলাদেশের সীমান্তের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।
পানছড়ি ব্যটালিয়ন ৩ বিজিবি সুত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি নিয়োজিত রয়েছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24