প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
নেছারাবাদে আত্মহত্যা প্ররোচনার মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার

নেছারাবাদে আত্মহত্যা প্ররোচনার মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার।
সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক (শানু)
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে চুরির অপবাদ দিয়ে অটোরিকশা চালক আবদুল্লাহ আল মামুন সবুজকে (৩৩) আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক (শানু)কে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১ মার্চ বালিহারী গ্রামের বাসিন্দা সবুজকে চুরির অভিযোগে চৌকিদারের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে চুরির অভিযোগে মারধর করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে অভিযোগ রয়েছে। এই চুরি ও জরিমানার অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন এবং ২ মার্চ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় নিহতের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতেই পুলিশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজিবুল হক (শানু) কে গ্রেফতার করে।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আত্মহত্যার প্ররোচনার মামলায় রাজিবুল হক (শানু) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24