প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
উন্নয়নের মহাযজ্ঞ বরিশালের বানারীপাড়ায়

বরিশালের বানারীপাড়ায় উন্নয়ন ও জনকল্যাণের মহাযজ্ঞ—খাল খনন, ত্রাণ বিতরণ ও মশক নিধন কর্মসূচির একযোগে উদ্বোধন।
মোঃ অলিউল্লাহ, বানারীপাড়া, বরিশাল।।
বরিশালের বানারীপাড়া উপজেলায় একযোগে খাল খনন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ এবং মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে এক বর্ণাঢ্য উন্নয়ন ও জনকল্যাণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এসব কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য জনাব সরদার সরফুদ্দিন আহমেদ (সান্টু)।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব বায়েজিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সান্টু বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো জনগণের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানের প্রথম পর্বে পৌরসভার ৫নং ওয়ার্ডের সরদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় সরদার বাড়ি মসজিদ থেকে উপজেলা খাদ্য গুদামের দক্ষিণ পাশের পাকা সড়ক পর্যন্ত খাল খনন করা হবে। ২০২৫–২০২৬ অর্থবছরে প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪,৭৭,৯৭৮.৬৮ টাকা।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, এ ধরনের সহায়তা দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি এনে দেয়।
পরবর্তীতে বানারীপাড়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এমপি নিজ হাতে এ কর্মসূচির সূচনা করেন এবং পৌরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের সমন্বিত উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ বানারীপাড়ার অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24