প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
রক্তাক্ত দুপুরের আর্তনাদ: মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের জীবন সংকটে

বিশেষ প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের বানারীপাড়া উপজেলায় আজ বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ইলুহার ইউনিয়ন সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনায় পতিত হলে এতে দুইজন আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নাহিদ ইসলাম (৩০) নামে একজনের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নে। অপর আহত ব্যক্তি সামি (২০), যার বাড়ি বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে।
এদিকে স্থানীয়রা জানান, ইলুহার ইউনিয়নের বৈঠাকাটা হুলা পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। কিছুদিন আগেও এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন প্রাণ হারান বলে জানান তারা। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেপরোয়া অবস্থা, অতিরিক্ত গতি এবং প্রয়োজনীয় সতর্কতা চিহ্নের অভাবের কারণেই এসব দুর্ঘটনা বারবার ঘটছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত সড়ক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি আহতদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24