প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
দুই লাখ টাকা দিলে মেম্বার বানাবো

দুই লাখ টাকা দিলে মেম্বার বানাবো’—এমন প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩
অলিউল্লাহ , বরিশাল প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজুল ইসলাম রাজু,ইকরামুল সিকদার ও এনামুল সিকদার । বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মামলার বাদী মুজাহিদুল হক মুরাদ অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করার পর থেকেই একটি পক্ষ তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে অভিযুক্তরা তাকে জানায়, ২ লাখ টাকা দিলে তাকে সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হতে সহযোগিতা করা হবে। কিন্তু তিনি এতে সম্মতি না দেওয়ায় তার ওপর ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন। হামলার সময় তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম রাজু বলেন, “ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। চাঁদা দাবির অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।”
বানারীপাড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24