প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
নেত্রকোনায় অন্তঃসত্ত্বা মাদরাসার ছাত্রীঃ অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত নেত্রকোনার মদনে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা পরিচালক আমানউল্লাহ সাগরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। এরপর আসামিকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মদন থানায় ভুক্তভোগীর মা আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আমান উল্লাহ সাগর মদন উপজেলার পাঁচহার গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই মাদ্রাসাতে তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। ভুক্তভোগীও একই এলাকার বাসিন্দা। মেয়েটির মাকে ছেড়ে গেছে তার বাবা। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। ভুক্তভোগী শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করতো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24