প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
বানারীপাড়ার বিশারকান্দিতে গাঁজা সেবনকালে আটক ৫ যুবক; মোবাইল কোর্টে কারাদণ্ড

বানারীপাড়ার বিশারকান্দিতে গভীর রাতে পুলিশের অভিযান, গাঁজা সেবনকালে আটক ৫ যুবক; মোবাইল কোর্টে কারাদণ্ড
অলিউল্লাহ, বরিশাল।
বরিশালের বানারীপাড়া উপজেলা উপজেলার বিশারকান্দি এলাকায় গভীর রাতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশারকান্দি ইউনিয়নের একটি নির্জন স্থানে অভিযান পরিচালনা করে লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরাফাত। এ সময় কয়েকজন যুবক একত্র হয়ে মাদক সেবনে লিপ্ত ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও তাৎক্ষণিক অভিযানে পাঁচজনকে আটক করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক পাঁচ যুবকের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন— বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের মিল্লাত হোসেন হাওলাদার (১৯) ও পারভেজ মাঝি (১৯), বিশারকান্দি গ্রামের নাঈম হাসান (২১), এবং পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলা এলাকার উত্তর বলদিয়া গ্রামের আল-আমিন (২৫) ও রহমাতুল্লাহ (১৯)।
শনিবার (৯ মে) সকালে তাদের বরিশাল আদালত এর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গাঁজা সেবনকালে হাতেনাতে আটক হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ঘটনার পর বিশারকান্দি এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24