রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ ও কান্না যেন থামছেই না। শুক্রবার (২২ মে) সকাল থেকেই পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুপুরের দিকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে স্থানীয় বাসিন্দারা সেখানে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
বেলা ১১টার পর থেকে রামিসাদের বাসার সামনের গলিতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’ এবং ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুরো এলাকাজুড়ে এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে সন্তান হারানোর শোকে এখনও প্রায় বাকরুদ্ধ হয়ে আছেন রামিসার মা-বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মেয়ের কুলখানি ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে তারা মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিজ গ্রামের বাড়ির পথে রওনা হন। তারা যখন ঢাকা ছাড়ছিলেন, তখন বাসার সামনে জড়ো হওয়া মানুষের কান্না আর সান্ত্বনার শব্দে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিউজটি আপডেট করেছেন : Bangabani24
Bangabani24