বিশেষ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে মসজিদের ভেতরে নামাজরত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম ও তার বড় ভাই হারুন সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নজরুল ইসলাম জোহরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে হারুন সরদার মসজিদে প্রবেশ করে নামাজরত অবস্থায় তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় নজরুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেন। তবে আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ, শোক ও উদ্বেগের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজিরহাট থানা পুলিশ।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত হারুন সরদারকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
Bangabani24