অলিউল্লাহ,বিশেষ প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দুর্গম উপকূলীয় এলাকা চর মানিকায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে ২৬৫ জন স্থানীয় বাসিন্দা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চর মানিকা এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসকরা স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উপকূলীয় জনপদের মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
Bangabani24