অলিউল্লাহ,(বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা-ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাতলা শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে সেখানে যান রাকিবুল ইসলাম। একপর্যায়ে তিনি পানিতে পড়ে ডুবে যান। পরে স্থানীয়রা ও উদ্ধারকারী দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বিল, নদী ও জলাশয়কেন্দ্রিক পর্যটনকেন্দ্রে ভ্রমণের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। বিশেষ করে যারা সাঁতার জানেন না, তাদের গভীর পানিতে নামা থেকে বিরত থাকা উচিত। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষিত উদ্ধারকর্মী রাখার ব্যবস্থা করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাতলা শাপলা বিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হোক।
Bangabani24