নেছারাবাদ প্রতিনিধি।
পিরোজপুরের নেছারাবাদে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. হামিম, পিতা আব্দুর রহমান; ওয়াসিক, পিতা সাদেক; মো. সজিব, পিতা আবুল কালাম আজাদ এবং শামিম। অভিযানের সময় হামিমের কাছ থেকে ৫০ পিস, ওয়াসিকের কাছ থেকে ১৫ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া শামিমের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
Bangabani24