অলিউল্লাহ অলি , বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলায় ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সাইমনকে (২৩) ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তার সাইমন উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ঝর্না বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এজাহারে যা বলা হয়েছে
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ওই কিশোরী প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় তাঁর মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। পরে বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
একপর্যায়ে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির বারান্দায় সাইমনের সঙ্গে মেয়েকে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত সাইমন পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মামলার আসামি সাইমনকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে র্যাব গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা, প্রয়োজনীয় চিকিৎসা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Bangabani24