ইফতে খায়রুল আলম সজিব , ময়মনসিংহ প্রতিনিধি:
জোড়াতালি দেয়া জরাজীর্ণ একটি কুঁড়ে ঘরে মানবেতর জীবন যাপন করছেন হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের শালুয়াকান্দা গ্রামের বৃদ্ধ জামাল মিয়া। দারিদ্রতা আর অসুস্থতা যেন তার জীবনের একমাত্র সঙ্গী।
জামাল মিয়া জানিয়েছেন, বয়সের ভারে ন্যুব্জ হয়ে এখন আর কোনো কাজ করতে পারেন না। একমাত্র ছেলে আগেই মারা গেছে। ছেলের স্ত্রী ও নিজের বৃদ্ধ স্ত্রীকে নিয়ে এখন কোনোমতে দিন পার করছেন তিনি। থাকার মতো একটা ভালো ঘরও নেই তাদের। ঝুঁকিপূর্ণ সেই কুঁড়ে ঘরেই এখন ঠাঁই হয়েছে তাদের শেষ বয়সের জীবনযুদ্ধের।
তিনি আরও জানান, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি। কোনো প্রকার ভাতা বা অনুদানও তার ভাগ্যে জুটেনি।
"একটা ঘর হলে অন্তত শান্তিতে ঘুমাতে পারতাম। কেউ পাশে দাঁড়ালে উপকার হতো," – এভাবেই আবেগঘন কণ্ঠে নিজের আকুতি জানান জামাল মিয়া।
এমন অবস্থায় তিনি সরকারের কাছে এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। একটু সহযোগিতা পেলে হয়তো শেষ বয়সের এই দুঃসহ জীবনটা কিছুটা স্বস্তিতে কাটাতে পারবেন তিনি।