বানারীপাড়ায় ৩ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ৩ পিস ইয়াবাসহ মোঃ মাসুদ রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা উপজেলার সাতবাড়িয়া এলাকার মোঃ শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মাসুদ রানাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে থানার ওসি মজিবুর রহমান বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
Bangabani24